বিজয় ২৪ হলে লোডশেডিং এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবার অভাবে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ডুয়েট শাখা। আজ (১৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ডুয়েট শিবিরের সভাপতি আব্দুল আহাদ ও সেক্রেটারি তাছনীম আলম উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিজয় ২৪ হলে বিদ্যুৎ এর স্পেশাল লাইন না থাকায় নিয়মিত উল্লেখযোগ্য সময় লোডশেডিং হচ্ছে। দিনের বেলা জেনারেটর সেবা থাকছে না, এবং রাতে জেনারেটর চালু করা হলেও তা কেবল নির্দিষ্ট কিছু লাইটের মধ্যে সীমাবদ্ধ থাকছে, ফলে শিক্ষার্থীরা গরমে কষ্ট পাচ্ছে। লোডশেডিংয়ের কারণে হলের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনলাইন রিসোর্স এবং প্রয়োজনীয় টেকনিক্যাল কাজ সম্পন্ন করতে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, 'এম-ডুয়েট' প্রকল্পের আওতায় হলের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ চলমান থাকায় সৃষ্ট শব্দে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। উল্লেখিত সমস্যা গুলোর ফলে বিজয় ২৪ হলে শিক্ষার পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ প্রশাসনের নিকট ৪ দফা দাবি পেশ করেন:
১) দ্রুততম সময়ের মধ্যে বিজয় ২৪ হল (সেকেন্ড ক্যাম্পাস) কে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আওতায় নিয়ে আসতে হবে।
২) প্রয়োজনীয় পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করে লোডশেডিংকালীন সময়েও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান করতে হবে।
৩) পরীক্ষা পূর্ব দিন গুলোতে বিদ্যুৎ না থাকলে দিন ও রাত উভয় সময়েই জেনারেটর সেবা বর্ধিত আকারে চালু রাখতে হবে।
৪) শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরীক্ষার আগের দিন ও পরিক্ষার দিন নির্মাণ কাজ স্থগিত রাখতে হবে।

পরিশেষে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ চায়। আমরা আশা করি, প্রশাসন শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে অত্যন্ত দ্রুততার সাথে এসকল সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।