ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ চলতি এপ্রিল মাসের ২ তারিখ থেকে সকল বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলমান কিছু সমস্যার জন্য অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ডুয়েট শাখা। আজ বুধবার (১লা এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবির, ডুয়েট শাখার সভাপতি আব্দুল আহাদ ও সেক্রেটারি তাছনীম আলম এই উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ চলমান সমস্যার সুন্দর সমাধান ও পরীক্ষা চলমান রাখার দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, “বিগত ফেব্রুয়ারি মাসে কিছু শিক্ষার্থীদের মাধ্যমে রমাদান মাসের পরীক্ষা পিছানোর আন্দোলনে ছাত্রকল্যাণ দফতরে কয়েকজন সম্মানিত শিক্ষককে তালাবদ্ধ করে অবরুদ্ধ করা হয়, যা অত্যন্ত দুঃখজনক কাজ। পরবর্তীতে ২৪ ফেব্রুয়ারির পরীক্ষা একপর্যায়ে ২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার নোটিশ প্রদান করা হয়। শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকদের অবরুদ্ধ করার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তির জন্য একটি তদন্ত কমিটিও গঠিত হয়। তারপরও ২ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষা গ্রহণে অনিশ্চয়তা দেখা দেয় এবং পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষা সহ অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হলে এবং এটি দীর্ঘায়িত হলে শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি। ”
নেতৃবৃন্দ আরো বলেন, "প্রতি সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় লক্ষ্য করা যায়, ঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষা বাস্তবায়িত হয় না। আন্দোলনের মাধ্যমে পরীক্ষা পিছিয়ে দেওয়ার অপসংস্কৃতি চালু আছে, যা কোনোভাবেই কাম্য নয়। "
পরিশেষে নেতৃবৃন্দ বলেন, "শিক্ষকগণ সম্মানিত ব্যক্তি। তাদের সাথে অসদাচরণ করা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষাক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতা মূলক। তাহলেই শিক্ষার মাধ্যমে জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব। শিক্ষার্থীদের নৈতিকতা চর্চার মাধ্যমে শিক্ষক ও গুরুজনদের সাথে সৌজন্যমূলক আচরণ করা প্রয়োজন। নেতৃবৃন্দ ক্যাম্পাসে চলমান এই সমস্যার দ্রুততম সময়ের মাঝে সুন্দর সমাধান প্রত্যাশা করেন এবং পরীক্ষা সহ অ্যাকাডেমিক কার্যক্রম চালু রাখার দাবি জানান। "
সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিতের প্রতিবাদ ও চলমান সমস্যা দ্রুততম সময়ের মাঝে সমাধানের আহবান
01 April, 2026