ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এ গত ১৭ মে, ২০২৬ ইং তারিখে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে দৈনিক যুগান্তর পত্রিকা এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ডুয়েট শাখার সভাপতি ও সেক্রেটারি।
আজ এক যৌথ প্রতিবাদ বার্তায় ডুয়েট শিবির নেতৃবৃন্দ বলেন, "গত ১৭ মে ডুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রদল এবং তাদের বহিরাগত সহযোগীরা হামলা চালায়। এটি সম্পূর্ণভাবে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যকার একটি ঘটনা, অথচ অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, দৈনিক যুগান্তর ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই এই হামলাকে 'ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ' হিসেবে উল্লেখ করে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে।"
নেতৃবৃন্দ আরও বলেন, " এধরনের উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন দায়িত্বশীল সাংবাদিকতার সাথে সাংঘর্ষিক।
এই হামলাকে রাজনৈতিক রং দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। বিভ্রান্তিকর এই সংবাদ প্রচারের মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায়সংগত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালানো হয়েছে।"
ডুয়েট শিবিরের সভাপতি ও সেক্রেটারি সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষকে এই বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করার আহ্বান জানান। একই সঙ্গে, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সকল সংবাদমাধ্যমের প্রতি জোর দাবি জানান।
ডুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনাকে ‘শিবিরের সাথে সংঘর্ষ’ হিসেবে উপস্থাপন করায় ডুয়েট শিবিরের প্রতিবাদ
18 May, 2026