পবিত্র ঈদুল ফিতরে শিক্ষার্থীদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে ব্যতিক্রমী এক ‘ঈদ সালামি’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ডুয়েট শাখা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে এই সালামি বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

অংশগ্রহণকারীরা ডুয়েট শিবিরের ফেসবুক পেজে গিয়ে সৃজনশীল, মার্জিত ও শিক্ষণীয় মন্তব্য করার পাশাপাশি বন্ধুদের মেনশন করার মাধ্যমে প্রতিযোগিতায় যোগ দেন। নির্ধারিত সময়সীমার মধ্যে যারা সফলভাবে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্য থেকেই বিজয়ীদের নির্বাচন করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে মোট ৪৯ শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে বাছাই করা হয়েছে। বিজয়ী প্রত্যেক শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার হিসেবে ১০১ টাকা হারে ঈদ সালামি প্রদান করা হয়।

শিক্ষার্থীদের মধ্যে ঈদের আমেজ ছড়িয়ে দিতে এবং গঠনমূলক চর্চা বৃদ্ধি করতেই এই ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এমন সৃজনশীল আয়োজনে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।