عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: “يَا ابْنَ آدَمَ! إِنَّكَ أَنْ تَبْذُلَ الْفَضْلَ خَيْرٌ لَكَ، وَأَنْ تُمْسِكَهُ شَرٌّ لَكَ، وَلَا تُلَامُ عَلَى كَفَافٍ، وَابْدَأْ بِمَنْ تَعُولُ، وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى”.
হাদিসের অনুবাদ
আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হে আদমসন্তান! প্রয়োজনের অতিরিক্ত যা আছে, তা ব্যয় (দান) করো। এটা তোমার জন্য ভালো। আর তা জমিয়ে রাখা তোমার জন্য খারাপ। প্রয়োজনীয়টুকু রাখলে তুমি তিরস্কৃত হবে না। ভরণপোষ্যে তোমার দায়িত্বে যারা আছে, তাদের দিয়ে দান শুরু করো। ওপরের হাত নিচের হাত অপেক্ষা শ্রেষ্ঠ।’ [সহিহ মুসলিম : ১০৩৬]
শব্দার্থ
يَا ابْنَ آدَمَ হে আদমসন্তান , إِنَّكَ নিশ্চয়ই তুমি , أَنْ تَبْذُلَ তুমি ব্যয় করো, খরচ করো, দান করো , الْفَضْلَ অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত অংশ, যা নিজের ও পরিবারের মৌলিক প্রয়োজন পূরণের পর অবশিষ্ট থাকে। خَيْرٌ لَكَ সেটাই তোমার জন্য অধিক উত্তম , وَأَنْ تُمْسِكَهُ আর তা আটকে রাখা, জমিয়ে রাখা , شَرٌّ لَكَ তোমার জন্য ক্ষতিকর , وَلَا تُلَامُ এবং তুমি নিন্দিত হবে না , عَلَى كَفَافٍ ন্যূনতম জীবিকা, প্রয়োজনীয় পরিমাণ অর্থাৎ জীবনের মৌলিক প্রয়োজন মেটাতে যতটুকু অপরিহার্য। وَابْدَأْ শুরু করো, بِمَنْ تَعُولُ, যাদের তুমি ভরণপোষণ করো, অর্থাৎ যাদের ভরণপোষণের দায়িত্ব রয়েছে; যেমন স্ত্রী-সন্তান, নিকটাত্মীয়, দাস ইত্যাদি। الْيَدُ الْعُلْيَا, ওপরের হাত অর্থাৎ দানকারীর হাত, خَيْرٌ উত্তম, مِنَ الْيَدِ السُّفْلَى নিচের হাত অর্থাৎ দান গ্রহণকারীর হাত।
হাদিসের উৎস বিশ্লেষণ
নির্বাচিত এ হাদিসটি সহিহ মুসলিম, জামিউত তিরমিজি, আস-সুনানুল কুবরা লিল বায়হাকীসহ বিভিন্ন প্রসিদ্ধ হাদিসগ্রন্থে বর্ণিত হয়েছে। ইমাম আবু ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ এ হাদিস সম্পর্কে বলেছেন, (هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ) ‘এ হাদিসটি হাসান সহিহ।’ এ ছাড়া নাসির উদ্দীন আলবানীও রাহিমাহুল্লাহ বলেন, (إِسْنَادُهُ جَيِّدٌ، رِجَالُهُ ثِقَاتٌ) তাঁর সনদ ভালো এবং রাবিগণ বিশ্বস্ত।
ইমাম মুসলিম এ হাদিসটি মোট ৫টি তাবাকাহ বা স্তরে সাতজন রাবির মাধ্যমে বর্ণনা করেছেন। রাবিগণ হলেন-১. নাসর ইবনু আলী আল-জাহযামী (মৃ. ২৫৫ হি.), ২. যুহাইর ইবনু হারব (মৃ. ২৩৪ হি.), ৩. আবদ ইবনু হুমায়দ (মৃ. ২৫০ হি.), ৪. উমার ইবনু ইউনুস আল-ইয়ামামী (মৃ. ২০৬ হি.), ৫. ইকরিমা ইবনু আম্মার, ৬. শাদ্দাদ ইবনু আবদুল্লাহ, ৭. আবু উমামা আল-বাহিলী (মৃ. ৮১ হি.)। এই হাদিসের সনদে বর্ণিত রাবিদের মধ্যে সকলেই ‘সিকাহ’ (ثقة) বিশ্বস্ত হিসেবে স্বীকৃত। তবে ইকরিমা ইবনু আম্মার সম্পর্কে কেউ কেউ সমালোচনা করেছেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাঁর সম্পর্কে বলেন, (صَدُوقٌ يَخْطَئُ) সত্যবাদী তবে ভুল করেন। তবে অন্যান্য শাইখদের থেকে তাঁর বর্ণনাগুলো গ্রহণযোগ্য।
হাদিসের প্রেক্ষাপট বিশ্লেষণ
এ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বক্তব্যটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা ও মানবিক দায়িত্ববোধ প্রতিষ্ঠায় এক অনন্য মাস্টারপ্ল্যান হিসেবে বিবেচিত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বক্তব্যটি এমন একসময়ে দিয়েছেন, যখন জাহেলি সমাজে সম্পদের একচেটিয়া মালিকানা ও আত্মকেন্দ্রিকতা প্রাধান্য পেয়েছিল। একাধিক সাহাবি যেমন : হাকিম ইবনে হিজাম, সা’দ ইবনে আবী ওয়াক্কাস, আবু উমামা এবং আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে এ ধরনের বক্তব্য এসেছে। অর্থাৎ স্বনির্ভর জাতি গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সাহাবির নিকট এটি বলেছেন। উদ্দেশ্য ছিল-তাঁরা যেন অন্যের ওপর নির্ভর না করে নিজে উপার্জনের চেষ্টা করেন এবং পরিবার ও সমাজের কল্যাণে অবদান রাখেন।
হাদিসটির আলোচ্য বিষয়
এই হাদিসে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থার দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবসমাজে অর্থনৈতিক ভারসাম্য ও মানবিক দায়িত্ববোধের ক্ষেত্রে মৌলিক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করেছেন। যথা-১. প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আল্লাহর পথে ব্যয়ের গুরুত্ব, ২. অর্জিত সম্পদ জমিয়ে রাখার পরিণাম, ৩. সম্পদ ব্যয়ের ক্ষেত্রে পরিবার ও আত্মীয়দের প্রতি অগ্রাধিকার, ৪. দানের সুফল ও ভিক্ষাবৃত্তির কুফল।
নির্বাচিত হাদিসের ব্যাখ্যা
ইসলামী জীবনব্যবস্থা একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য কেবল আত্মিক ইবাদতের নির্দেশই দেয় না; বরং সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও ন্যায় ও ভারসাম্যের প্রতি গুরুত্বারোপ করে। এ হাদিসে ব্যক্তিগত জীবনে স্বনির্ভরতা, পারিবারিক জীবনে দায়িত্বশীলতা এবং সমাজ ও রাষ্ট্রীয় জীবনে দানশীলতার গুরুত্বকে একত্রে তুলে ধরা হয়েছে-
১. প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আল্লাহর পথে ব্যয়ের গুরুত্ব :
নির্বাচিত হাদিসের প্রথমাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
يَا ابْنَ آدَمَ! إِنَّكَ أَنْ تَبْذُلَ الْفَضْلَ خَيْرٌ لَكَ
‘হে আদমসন্তান! অতিরিক্ত যা আছে, তা ব্যয় (দান) করো। এটা তোমার জন্য ভালো।’
এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘ইয়া ইবনা আদাম’ (يَا ابْنَ آدَمَ) ‘হে আদমের সন্তান’ বলে সমগ্র মানবজাতিকে সম্বোধন করেছেন। তারপর তিনি বলেন, ‘ইন্নাকা আন তাবযুলাল ফাদলা খায়রুন লাকা’ (إِنَّكَ أَنْ تَبْذُلَ الْفَضْلَ خَيْرٌ لَكَ) অর্থাৎ ‘নিশ্চয়ই তুমি নিজের ও পরিবারের মৌলিক প্রয়োজন পূরণের পর যা অবশিষ্ট থাকে, তা দান করো। এটাই তোমার জন্য অধিক উত্তম।’
এখানে ‘আল-ফাদলুন’ (الْفَضْلٌ) বলতে যা নিজের প্রয়োজনের অতিরিক্ত; যেমন খাবার, পোশাক, বাসস্থান ও দায়িত্বপ্রাপ্তদের ভরণপোষণের বাইরে বোঝানো হয়েছে।
ইসলামে অর্থ উপার্জন নিরুৎসাহিত নয়, বরং অতিরিক্ত সম্পদ ব্যয় করে আখিরাতের পুঁজি বানাতে উৎসাহিত করা হয়েছে। এ প্রসঙ্গে সূরা আল-বাকারার ২১৯তম আয়াতে বলা হয়েছে,
وَ یَسۡـَٔلُوۡنَکَ مَا ذَا یُنۡفِقُوۡنَ ۬ؕ قُلِ الۡعَفۡوَؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمُ الۡاٰیٰتِ لَعَلَّکُمۡ تَتَفَکَّرُوۡنَ
‘এবং তারা তোমাকে জিজ্ঞাসা করে-তারা কি ব্যয় করবে। বলো, “যা প্রয়োজনের অতিরিক্ত”। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা করো।’
এ আয়াত ও বর্ণিত হাদিস একে অপরকে ব্যাখ্যা করে। সুতরাং প্রয়োজনাতিরিক্ত সম্পদ পঞ্জীভূত নয়; বরং মানবতা কল্যাণে ব্যয় করাই উত্তম।
দানের উৎকৃষ্ট সময় হলো, যখন প্রয়োজনের অতিরিক্ত কিছু থাকে। আল্লাহর পথে সম্পদ ব্যয় আত্মশুদ্ধি ও সমাজ কল্যাণের মাধ্যম হতে পারে। এটি অন্তরের কৃপণতা, অহংকার ও বস্তুপূজার মনোভাব দূর করে। তাই মহান আল্লাহ বলেন,
خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا.
‘তাদের (ধনীদের) সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো, যা তাদের পবিত্র ও পরিশুদ্ধ করবে।’ [সূরা আত-তাওবা : ১০৩]
অতএব, নিজের জন্য যা প্রয়োজন নয়, তা জমিয়ে না রেখে সমাজে ফেরত দেওয়াই উত্তম। প্রয়োজনের অতিরিক্ত সম্পদের একটি বড়ো সমস্যা হলো-এটি সমাজে বৈষম্য সৃষ্টি করে। কিছু মানুষ যখন প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমিয়ে রাখে, তখন দরিদ্ররা বঞ্চিত হয়। তাই ইসলাম চায়-সম্পদের ঘূর্ণন হোক এবং একজনের অতিরিক্ত অপরের প্রয়োজন পূরণে ব্যবহৃত হোক। ‘শু‘আবুল ঈমান’ গ্রন্থে উল্লেখ আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
لَيْسَ الْمُؤْمِنُ الَّذِي يَشْبَعُ وَجَارُهُ جَائِعٌ إِلَى جَنْبِهِ
“সেই ব্যক্তি মুমিন নয়, যে নিজে পেটপুরে খায় অথচ তার পাশে থাকা প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।”’
অতএব, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ মানবতার কল্যাণে ব্যয় করা গেলে সেটি হবে সামাজিক ভারসাম্য রক্ষার এক উত্তম উপায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে অর্থনৈতিক ভারসাম্যের এক অত্যন্ত সংবেদনশীল দিক তুলে ধরেছেন। তিনি শিক্ষা দিয়েছেন-অতিরিক্ত সম্পদ সঞ্চয়ে নয়, বরং তা সমাজের কল্যাণে ব্যয় করাতেই রয়েছে প্রকৃত মুমিনের পরিচয়। আমাদের উচিত দানের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ও সমাজের উন্নতির পথ প্রশস্ত করা। কারণ দান মানুষকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে সহায়তা করে এবং আখিরাতের জন্য তা হয় সঞ্চিত পুঁজি। মনে রাখতে হবে-সম্পদের প্রকৃত মালিক একমাত্র মহান আল্লাহ। আমরা কেবল তাঁর আমানতদার। অতএব, আমাদের দায়িত্ব হলো প্রয়োজন অনুযায়ী সম্পদ ব্যবহার করা এবং অতিরিক্ত অংশ সমাজে ফিরিয়ে দেওয়া। এটাই মানবিকতা, এটাই ঈমানদারির পরিচয়।
২. অর্জিত সম্পদ জমিয়ে রাখার পরিণাম :
নির্বাচিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,
وَأَنْ تُمْسِكَهُ شَرٌّ لَكَ، وَلَا تُلَامُ عَلَى كَفَافٍ
‘আর তুমি যদি সম্পদ পুঞ্জীভূত বা জমিয়ে রাখো, তবে তা তোমার জন্য ক্ষতিকর। তবে প্রয়োজন পরিমাণ রেখে দিলে তাতে তোমার কোনো দোষ নেই।’
এখানে ‘ইমসাক’ (إِمْسَاك) অর্থ ধরে রাখা, জমিয়ে বা পুঞ্জীভূত করে রাখা। এর দ্বারা বোঝানো হয়েছে এমন অতিরিক্ত সম্পদ; যা কারও প্রয়োজনের অতিরিক্ত হয় অথচ তা তিনি আল্লাহর পথে খরচ না করে নিজের জন্য জমিয়ে রাখেন অথবা কৃপণতার কারণে দান-সাদাকা করা থেকে বিরত থাকেন। এ শ্রেণির মানুষের জন্য বিপদের খবর এখানে দেওয়া হয়েছে। তবে যদি কোনো মানুষ নিত্যপ্রয়োজনীয় কিছু রেখে দিতে চায় বা জমিয়ে রাখে, সেটা দোষণীয় নয়। এই হাদিসে বর্ণিত ‘লা তুলামু আ‘লা কাফাফ’ (لَا تُلَامُ عَلَى كَفَافٍ) দ্বারা তা বোঝানো হয়েছে।
যদি কেউ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আল্লাহর পথে ব্যয় না করে জমিয়ে রাখে, তার জন্য কঠিন হুঁশিয়ারি দিয়ে মহান আল্লাহ সূরা আত-তাওবার ৩৪তম আয়াতে বলেন,
وَ الَّذِیۡنَ یَکۡنِزُوۡنَ الذَّہَبَ وَ الۡفِضَّۃَ وَ لَا یُنۡفِقُوۡنَہَا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ۙ فَبَشِّرۡہُمۡ بِعَذَابٍ اَلِیۡمٍ.
‘যারা স্বর্ণ ও রৌপ্য সঞ্চিত রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন।’
অতএব, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমিয়ে রাখা ও কৃপণতা করা দুনিয়া ও আখিরাতের উভয় দিক দিয়ে ক্ষতিকর। কৃপণতার আরবি প্রতিশব্দ হলো ‘ইকতার’ (اقتار) ও আল-বখিল (البخل)। ইমাম আল-কুরতুবী বলেন, ‘কৃপণতা হলো মহান আল্লাহ যেসব ক্ষেত্রে সম্পদ ব্যয় আবশ্যক করেছেন, সেক্ষেত্রে তা ব্যয় করা থেকে বিরত থাকা। কৃপণতার দুটি দিকের একটি হলো-সামর্র্থ্য থাকা সত্ত্বেও নিজের, স্ত্রীর, সন্তান-সন্ততির প্রয়োজন পূরণ না করা। আরেকটি দিক হলো-ভালো, ন্যায় ও কল্যাণমূলক কাজে অর্থ ব্যয় না করা।
আল্লাহর দেওয়া ধন-সম্পদ কৃপণতা করে তাঁর পথে ব্যয় না করলে কিয়ামতের দিনে কৃপণদের গলায় তা বেড়ি হিসেবে পরানো হবে। এ মর্মে মহান আল্লাহ সূরা আলে ইমরানের ১৮০তম আয়াতে বলেন,
وَ لَا یَحۡسَبَنَّ الَّذِیۡنَ یَبۡخَلُوۡنَ بِمَاۤ اٰتٰہُمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ہُوَ خَیۡرًا لَّہُمۡ ؕ بَلۡ ہُوَ شَرٌّ لَّہُمۡ ؕ سَیُطَوَّقُوۡنَ مَا بَخِلُوۡا بِہٖ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ وَ لِلّٰہِ مِیۡرَاثُ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ؕ وَ اللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿۱۸۰﴾
‘আর আল্লাহ যাদেরকে তাঁর অনুগ্রহ থেকে যা দান করেছেন, তা নিয়ে যারা কৃপণতা করে; তারা যেন ধারণা না করে-তা তাদের জন্য কল্যাণকর। বরং তা তাদের জন্য অকল্যাণকর। যা নিয়ে তারা কৃপণতা করেছিল, কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে। আর আসমানসমূহ ও জমিনের উত্তরাধিকার আল্লাহরই জন্য। আর তোমরা যা আমল করো, সে ব্যাপারে আল্লাহ সম্যক জ্ঞাত।’
কৃপণ লোকেরা মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা লাভ করতে পারে না। মুসা আলাইহিস সালামের সমসাময়িক কারুন ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। কৃপণতার কারণে সমুদয় সম্পদসহ সে নিজেও ধ্বংস হয়ে যায়। [সূরা আল-কাসাস : ৭৬-৮১] এভাবে পৃথিবীতে যুগে যুগে কৃপণদের মন্দ পরিণাম জুটেছে। আর আখিরাতে তাদের জন্য রয়েছে মন্দ পরিণাম। তাই মহান আল্লাহ বলেন,
الَّذِیۡ جَمَعَ مَالًا وَّ عَدَّدَہٗ ۙ﴿۲﴾ یَحۡسَبُ اَنَّ مَالَہٗۤ اَخۡلَدَہٗ ۚ﴿۳﴾ کَلَّا لَیُنۡۢبَذَنَّ فِی الۡحُطَمَۃِ ۫﴿ۖ۴﴾
‘দুর্ভোগ তার জন্য, যে অর্থ জমায় এবং তা বারবার গণনা করে। সে ধারণা করে যে, তার অর্থ তাকে অমর করে রাখবে। কক্ষনো না! সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায় তথা প্রজ্বলিত অগ্নিতে।’ [সূরা আল-হুমাযাহ : ০২-০৪]
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এমন কোনো দিন যায় না, যেদিন দুজন ফেরেশতা পৃথিবীতে আগমন করেন না। তাঁদের একজন দানশীল ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন এবং বলেন, “হে আল্লাহ! দানকারীর মালের বিনিময় দান করুন (বিনিময় সম্পদ বৃদ্ধি করুন)।” দ্বিতীয় ফেরেশতা কৃপণের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করে বলতে থাকেন, “হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করুন।”’ [সহিহ বুখারি : ১৪৪২; সহিহ মুসলিম : ১০১০]
উদ্ধৃত আয়াত ও হাদিসে কৃপণদের ধ্বংসাত্মক পরিণতি এবং এর মহাশাস্তির কথা বর্ণনা করে মানুষকে এই মন্দ চরিত্র বর্জনের নির্দেশ প্রদান করা হয়েছে। কাজেই আমরা যারা নিজের ভোগবিলাস ও বাড়ি-গাড়ির জন্য খরচ করছি কিন্তু দুঃস্থ-অসহায় মানবতার কল্যাণে কিংবা ধর্মীয় কাজে ব্যয় করতে পারছি না, তাদের উচিত কৃপণদের পরিণাম চিন্তা করে কাজ করা। ইসলাম কখনো মুমিনদেরকে নিজ মালিকানাধীন সম্পদ ব্যবহারকে অবাধ স্বাধীনতা বা স্বেচ্ছাচারিতার অনুমতি দেয় না। বরং ইসলাম মুমিনদেরকে নিজস্ব সম্পদ ব্যবহারের ক্ষেত্রে ‘ইসরাফ’ (অপচয়) ও ‘ইকতার’ (কৃপণতা)-এর মাঝামাঝি পন্থা অবলম্বন করতে উৎসাহিত করে থাকে। মহান আল্লাহ সূরা আল ফুরকানের ৬৭তম আয়াতে বলেন,
وَ الَّذِیۡنَ اِذَاۤ اَنۡفَقُوۡا لَمۡ یُسۡرِفُوۡا وَ لَمۡ یَقۡتُرُوۡا وَ کَانَ بَیۡنَ ذٰلِکَ قَوَامًا
‘তারা ব্যয় করার সময় অপব্যয় করে না এবং কৃপণতাও করে না। বরং তারা এ দুয়ের মাঝে মধ্যমপন্থা অবলম্বন করে।’
কৃপণতার কারণ : দুনিয়ার প্রতি অধিক আসক্তি, আল্লাহর ওপর ভরসার অভাব, গরিব-মিসকিন ও সমাজের অধিকার বঞ্চিতদের হকের প্রতি ভ্রুক্ষেপ না করে শুধু আত্মকেন্দ্রিক চিন্তা-ভাবনা, ধন-সম্পদের মহব্বত, লোভ-লালসা, দীর্ঘকাল বেঁচে থাকার আশা, সন্তান-সন্ততির জন্য সম্পদ রেখে যাওয়ার আকাক্সক্ষা, কিয়ামতের দিনে আল্লাহর নিকট জবাবদিহিতার অনুভূতির অভাব, নির্বুদ্ধিতা ইত্যাদি বিষয়াবলি কৃপণতার প্রধান কারণ।
কৃপণতা থেকে বাঁচার উপায় : এক্ষেত্রে আমরা কয়েকটি কাজ করতে পারি। যেমন : ক) কৃপণতার মন্দ পরিণাম ও মৃত্যুর পরবর্তী জীবনের চিন্তাকে জাগ্রত করা, খ) দান করার আগ্রহ হওয়ামাত্রই দান করা, গ) দানশীলদের সাহচর্যে থাকা এবং কৃপণতা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাওয়া।
৩. সম্পদ ব্যয়ের ক্ষেত্রে পরিবার ও আত্মীয়দের প্রতি অগ্রাধিকার :
নির্বাচিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,
وَابْدَأْ بِمَنْ تَعُولُ
‘ভরণপোষ্যে তোমার দায়িত্বে যারা আছে, তাদের দিয়ে দান শুরু করো।’
ইসলামে দান-সাদাকার গুরুত্ব অপরিসীম। মানুষ সাধারণত আল্লাহর রাস্তায়, মসজিদে, গরিব-মিসকিনদের জন্য দান করে। তবে অনেকে ভুলে যায়-পরিবারের জন্য ব্যয় করাও এক প্রকার ইবাদত, বরং অনেক সময় তা সর্বোত্তম সাদাকা হয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বাণীর মাধ্যমে দান-সাদাকা ও সম্পদ খরচ করার ক্ষেত্রে ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিমালা প্রদান করা হয়েছে। এখানে অগ্রাধিকারের ভিত্তিতে ব্যয় করা এবং পরিবার ও আত্মীয়-স্বজনদের দায়িত্ব আগে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই সূরা আত-তাহরীমের ৬ষ্ঠ আয়াতে মহান আল্লাহ বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا
‘হে ঈমানদারগণ! তোমরা নিজেদের ও তোমাদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।’
এই আয়াত নির্দেশ করে-মানুষের প্রথম দায়িত্ব তার নিজের ও পরিবারের হিদায়াত ও রক্ষার ব্যবস্থা করা। এতে প্রয়োজনীয় শিক্ষা, অর্থ-সম্পদ ব্যয়, নিরাপত্তা, খাদ্য, পোশাক, জীবনধারণের সবকিছু অন্তর্ভুক্ত।
অনুরূপভাবে মহান আল্লাহ সূরা আন-নিসার ৩৬তম আয়াতে বলেন,
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ...
‘আল্লাহর ইবাদত করো এবং তাঁর সাথে কাউকে শরিক করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো, আত্মীয়দের সাথেও।’
এখানে আবারও আত্মীয়দের প্রতি সদাচরণের নির্দেশ এসেছে; যা একাধিকভাবে সাহায্য, ভরণপোষণ, খরচ ও সহানুভূতির মধ্য দিয়েই প্রতিফলিত হয়।
মহান আল্লাহ সূরা আল-ইসরার ২৯তম আয়াতে বলেন, ‘কৃপণতাবশত নিজের হাত ঘাড়ের সাথে বেঁধে রেখো না এবং তা সম্পূর্ণরূপে খুলে রেখো না, যে কারণে তোমাকে নিন্দাযোগে ও নিঃস্ব হয়ে বসে পড়তে হবে।’
সহিহ বুখারি গ্রন্থে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তুমি তোমার সন্তান-সন্ততিকে দরিদ্র অবস্থায় রেখে যাবে আর তারা মানুষের কাছে হাত পাতবে, এর চেয়ে অনেক উত্তম হচ্ছে-তাদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাওয়া। আর তুমি যে খরচই করো না কেন, তা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে, তবে আল্লাহ তোমাকে সওয়াব দান করবেন। এমনকি একটি লোকমা, যা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও।’
অনুরূপভাবে সহিহ মুসলিম গ্রন্থে উল্লেখ আছে-জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
أَفْضَلُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ غِنًى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ
‘সবচেয়ে উত্তম সাদাকা হলো যা সচ্ছলতার ভিত্তিতে করা হয়, আর দান করতে হলে নিজের পরিবার থেকে শুরু করো।’
এখানে সাদাকার গুণগত মানও স্পষ্ট করা হয়েছে, যাতে নিজের প্রয়োজনের ওপর ভিত্তি করে প্রথমে পরিবারকে দান করা হয়, তারপর অন্যদের।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
دِينَارٌ أَنْفِقْتَهُ فِي سَبِيلِ اللهِ، وَدِينَارٌ فِي الْمَسَاكِينِ، وَدِينَارٌ عَلَى أَهْلِكَ، وَدِينَارٌ فِي الرِّقَابِ، وَدِينَارٌ فِي نَسِيَهُ يَحْيَى، أَفْضَلُهَا دِينَارًا دِينَارٌ أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ
‘তুমি একটি দিনার আল্লাহর রাস্তায় ব্যয় করেছ, একটি দিনার গরিবদের মাঝে দান করেছ, একটি দিনার তোমার পরিবারের জন্য খরচ করেছ, আর একটি দিনার কোনো দাসকে মুক্ত করতে ব্যবহার করেছ; এর মধ্যে সবচেয়ে উত্তম দিনার হলো, যে দিনার তুমি তোমার পরিবারের প্রয়োজন মেটাতে খরচ করেছ।’ [সুনানুল কুবরা লিন নাসায়ী : ৯১৩৯]
পরিবারের জন্য খরচ করাও সাদাকার শামিল এবং তা বেশি সওয়াবের কারণ। এ বিষয়ে সহিহ বুখারি ও মুসলিম গ্রন্থে উল্লেখ আছে-আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُضَيِّعَ مَنْ يَقُوتُ
‘কোনো ব্যক্তির জন্য এতটুকু গোনাহই যথেষ্ট যে; সে যাদের ভরণপোষণ করে, তাদের অবহেলা করে।’
এটা এক কঠোর সতর্কবার্তা। নিজের স্ত্রী-সন্তানদের অধিকার অবহেলা করে অন্যত্র দান-সাদাকা করলে তা গোনাহর কারণ হবে।
৪. দানের সুফল ও ভিক্ষাবৃত্তির কুফল
নির্বাচিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,
وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى.
‘ওপরের হাত (দানের হাত) নিচের হাত (সাওয়ালকারীর হাত) অপেক্ষা শ্রেষ্ঠ।’
অনুরূপ বর্ণনায় সাহাবি হাকিম ইবনে হিযাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু চাইলাম, তিনি আমাকে দিলেন। আবার চাইলাম, তিনি দিলেন। তারপর তিনি বললেন, “হে হাকিম! এই ধন-সম্পদ বড়োই লোভনীয় ও মিষ্টি। যে ব্যক্তি স্বীয় আত্মার উদারতার সাথে তা গ্রহণ করে, তার জন্য তা বরকতময় হয়। আর যে লোভের সাথে তা গ্রহণ করে, তার জন্য তাতে কোনো বরকত থাকে না। বরং সে এমন হয়, যে খায় কিন্তু কখনো তৃপ্ত হয় না। ওপরের হাত নিচের হাত থেকে উত্তম।”’ [সহিহ বুখারি : ১৪৭২; জামি তিরমিজি : ২৪৬৩; সুনানু নাসায়ী : ২৬০১]
এসব হাদিস ইসলামের অর্থনৈতিক নৈতিকতা, মানবিক মর্যাদা ও সামাজিক দায়িত্ববোধের এক অনন্য নীতিবোধ উপস্থাপন করে। এতে এমন এক মূলনীতির শিক্ষা নিহিত রয়েছে, যা ব্যক্তি ও সমাজজীবনে ভারসাম্য ও সহানুভূতির পরিপূর্ণতা আনে। এখানে ‘ওপরের হাত’ (الْيَدُ الْعُلْيَا) বলতে বোঝানো হয়েছে দানকারী ও সাহায্য প্রদানকারী হাত; যে ব্যক্তি নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠে অন্যের প্রয়োজন মেটায়, সে-ই প্রকৃত মর্যাদার অধিকারী। পক্ষান্তরে, ‘নিচের হাত’ (الْيَدِ السُّفْلَى) দ্বারা ইঙ্গিত করা হয়েছে সাহায্য গ্রহণকারী, চাহিদাপূর্ণ বা সাহায্যপ্রার্থী হাত, অর্থাৎ যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতে, ভিক্ষা করে বা সাহায্য চায়; সে ‘নিচের হাত’-এর অধিকারী। ইসলাম নিরুপায় অবস্থায় সাহায্য গ্রহণকে বৈধতা দিলেও এটিকে কখনোই মর্যাদার প্রতীক বলে বিবেচনা করেনি। বরং সে অবস্থান থেকে উত্তরণ ও স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়াই একজন মুমিনের কাম্য গন্তব্য।
এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিচ্ছেন দানশীল হতে, অভাবগ্রস্তদের সাহায্য করতে, সমাজের ওপর অনুগ্রহ প্রদর্শন করতে। দানকারী ব্যক্তি কেবল সম্পদই দেয় না; বরং মর্যাদা, সদিচ্ছা ও কল্যাণের পরিচয় দেয়। পক্ষান্তরে নিচের হাত অর্থাৎ ভিক্ষা চাওয়াকে নিরুৎসাহিত করেছেন। ইসলাম চায় একজন মুসলমান মর্যাদাপূর্ণ জীবনযাপন করুক, নিজের উপার্জনে চলুক, অন্যের ওপর নির্ভরশীল না হোক।
‘ওপরের হাত’ হওয়ার অর্থ শুধু দান করা নয়; বরং এ কথা থেকেও বোঝা যায়-একজন মানুষ যেন এতটা সক্ষম হয়, যাতে সে দান করতে পারে। এর জন্য তাকে পরিশ্রম, ব্যবসা, চাকুরি বা উৎপাদনমূলক কাজ করতে হবে। সহিহ বুখারি গ্রন্থে উল্লেখ আছে-আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لَأَنْ يَحْتَطِبَ أَحَدُكُمْ حُزْمَةً عَلَى ظَهْرِهِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ أَحَدًا، فَيُعْطِيَهُ أَوْ يَمْنَعَهُ
‘তোমাদের কেউ যদি নিজের পিঠে কাঠের বোঝা বহন করে (বনে গিয়ে তা কেটে নিয়ে আসে এবং তা বিক্রি করে খায়) এটি তার জন্য মানুষের কাছে ভিক্ষা চাওয়ার চেয়ে অনেক উত্তম। (কারণ) সে যখন চাইবে; কেউ হয়তো তাকে দেবে, আবার কেউ না-ও দিতে পারে।’
এ হাদিসটি এককভাবে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক আচরণ গঠনে বড়ো ভূমিকা রাখে। এটি আমাদের শেখায়-দান করতে হলে উপার্জন থাকতে হবে। উপার্জনের জন্য কর্মঠ হতে হবে, ভিক্ষাবৃত্তি ও অলসতা থেকে দূরে থাকতে হবে।
৪.১. দানের সুফল
দানের সুফল বা উপকারিতা নানামুখী। কুরআন ও হাদিসের বহুসংখ্যক বর্ণনার মাধ্যমে মানব সম্প্রদায়কে দানের প্রতি বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। এখানে সংক্ষেপে আলোচনা করা হলো-
ক) জাকাত ফরজ না হলেও প্রাপ্ত রিজিক থেকেই দান করতে হবে : যার ওপর জাকাত ফরজ, তিনি তা বাধ্যতামূলকভাবে আদায় করবেন। আর যার ওপর ফরজ নয়, তার জন্য স্বীয় প্রাপ্ত রিজিক থেকে হলেও সামর্থ্য অনুযায়ী দান করার জন্য মহান আল্লাহ বলেন,
وَ مِمَّا رَزَقۡنٰہُمۡ یُنۡفِقُوۡنَ
‘এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, তা থেকে ব্যয় করে।’ [সূরা বাকারা : ০৩; সূরা আনফাল : ০৩]
খ) মহান আল্লাহ দানকে উত্তম উত্তম ঋণ হিসেবে গ্রহণ করেন :
আল্লাহ তায়ালা বলেন,
مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ وَلَهُ أَجْرٌ كَرِيْمٌ
‘কে সেই ব্যক্তি, যে আল্লাহকে উত্তম ধার দেবে। এরপর তিনি তার জন্যে তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তার জন্যে রয়েছে সম্মানিত পুরস্কার।’ [সূরা আল হাদীদ : ১১]
গ) দান-সাদাকা না করা ধ্বংসের মুখে ফেলার শামিল : আল্লাহ বলেন,
وَ اَنۡفِقُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَ لَا تُلۡقُوۡا بِاَیۡدِیۡکُمۡ اِلَی التَّہۡلُکَۃِ وَ اَحۡسِنُوۡا ۚ اِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ
‘ব্যয় করো আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ করো। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন।’ [সূরা বাকারা : ১৯৫]
ঘ) জাহান্নাম থেকে রক্ষা ও জান্নাত লাভ : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘দানশীলতা জান্নাতের একটি গাছ, যার ডাল-পালা পৃথিবী পর্যন্ত ঝুলন্ত। যে ব্যক্তি এক-একটি ডাল ধরবে, সে ডাল তাকে জান্নাতে টেনে নেবে। আর কার্পণ্য জাহান্নামের একটি গাছ, যার ডাল-পালাও পৃথিবী পর্যন্ত ঝোলানো। যে কেউ তার একটি ডাল ধরবে, সে ডাল তাকে জাহান্নামে টেনে নেবে।’ [দারা কুতনী; বায়হাকী; তাফসীরে মাযহারী, ২য় খ-, পৃ. ৪৬৪]
ঙ) আল্লাহর ক্রোধ প্রশমিত হয় : বান্দা গুনাহে লিপ্ত হলে পরাক্রমশালী আল্লাহ ক্রোধান্বিত হন। গুনাহ করার পর গুনাহগার ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির আশায় দান করলে আল্লাহর ক্রোধ প্রশমিত হয়ে যায় এবং তার ক্ষমা লাভের পথ সহজ হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয়ই সাদাকা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে।’ [জামিউত তিরমিজি : ৬৬৪; সহিহ ইবনে হিব্বান : ৩৩০৯]
চ) কবরে আজাব রোধ করবে : দানকারী ব্যক্তিকে কবরের আগুনের উত্তাপ থেকে রক্ষা করবে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয়ই দানকারীকে কবরের আগুনের উত্তাপ থেকে রক্ষা করবে।’ [তাবরানি : ৭৮৮]
ছ) হাশরের ময়দানে আরশের ছায়া লাভ করবে : গোপনে দানকারী হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়া লাভ করবেন। [সহিহ বুখারি : ৬৬০; সহিহ মুসলিম : ১০৩১]
জ) পাপ মোচন হয় : মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম। তিনি বললেন, “হে মুয়াজ! আমি কি তোমাকে প্রভূত কল্যাণ লাভের পথ বাতলে দেবো না?” অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “সওম ঢালস্বরূপ আর সাদাকা পাপকে মিটিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়।”’ [জামি তিরমিজি : ২৬১৬; সুনানু ইবনে মাজাহ : ৩৯৭৩]
ঝ) সাদাকার দ্বারা অপমৃত্যু রোধ ও হায়াত বৃদ্ধি হয় : আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয়ই সাদাকা অপমৃত্যু রোধ করে।’ [জামিউত তিরমিজি : ৬৬৪; সহিহ ইবনে হিব্বান : ৩৩০৯]
ঞ) সাদাকার মাধ্যমে রোগ মুক্তি লাভ : আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের মধ্যকার অসুস্থ ব্যক্তিদের দানের মাধ্যমে চিকিৎসা করো।” অর্থাৎ দান করলে মহান আল্লাহ রোগ থেকে মুক্তি দান করেন।
ট) সাদাকার মাধ্যমে বিপদ-মুসিবত দূর হয় : আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা অতি সত্বর দানের দিকে ধাবিত হও। কেননা বিপদাপদ দানকে অতিক্রম করতে পারে না।’ [শুআবুল ঈমান]
দান-সাদাকার মূলনীতি
দান আল্লাহর দরবারে গৃহীত হওয়ার জন্য মৌলিক কিছু নীতিমালা রয়েছে। যেমন :
ক) ইখলাস বা সহিহ নিয়তে দান করা [সহিহ বুখারি : ১; সহিহ মুসলিম : ১৯০৭]
খ) হালাল সম্পদ থেকে দান করা [সূরা বাকারা : ২৬৭]
গ) পছন্দনীয় ও উৎকৃষ্ট বস্তু দান করা [সূরা আলে ইমরান : ৯২]
ঘ) সচ্ছল ও অসচ্ছল সর্বাবস্থায় সাধ্যানুযায়ী দান করা [সূরা আলে ইমরান : ১৩৪]
ঙ) সামর্থ্য অনুযায়ী অল্প হলেও দান করা [সহিহ বুখারি : ১৪১৭; সহিহ মুসলিম : ১০১৬]
চ) ভারসাম্য রক্ষা করে দান করা [সূরা আল ইসরা : ২৯; সূরা ফুরকান : ৬৭]
ছ) পরিস্থিতি বুঝে গোপনে বা প্রকাশ্যে দান করা [সূরা বাকারা : ২৭১]
জ) দান হলো গরিবের প্রাপ্য অধিকার [সূরা মাআরিজ : ২৪-২৫]
ঝ) দান করে খোঁটা বা কষ্ট না দেওয়া [সূরা বাকারা : ২৬২]
দান-সাদাকার গুরুত্ব, ফজিলত, পদ্ধতি, নীতিমালা-সংক্রান্ত আরও জানার জন্য নিম্নবর্ণিত আয়াতসমূহ অধ্যয়ন করা যেতে পারে। যেমন : সূরা বাকারা ২১৫, ২৪৫, ২৫৪, ২৬১-২৭৪; সূরা আলে ইমরান : ১৩৪; সূরা নিসা : ৩৮; সূরা আল মায়েদা : ১২; সূরা আত তাওবা : ৫৮-৬০, ৭৯-৮০, ৯৯; সূরা আল ইসরা : ২৮-২৯; সূরা ইয়াসিন : ৪৭; সূরা আল হাদীদ : ১১, ১৮; সূরা মুজাদালা : ১২-১৩; সূরা আল মুনাফিকুন : ৯, ১০-১১; সূরা আল-লাইল : ১৮-২০; সূরা আল মাউন : ১-৭।
৪.২. ভিক্ষাবৃত্তির কুফল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তিকে অপছন্দ করতেন। কোনো ভিক্ষুক চোখে পড়লেই তাকে কাজের পথ দেখিয়ে দিতেন তিনি। কেউ অভাবে পড়লে প্রথম দায়িত্ব হবে অভাব থেকে মুক্তির জন্য মহান আল্লাহর নিকট একান্তভাবে চাওয়া। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত-রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি অভাব-অনটনে পড়ে, অতঃপর তা মানুষের নিকট উপস্থাপন করে; তাহলে তার অভাব দূর হবে না। আর যে ব্যক্তি তা মহান আল্লাহর নিকট উপস্থাপন করে, তবে অবশ্যই মহান আল্লাহ তাকে দ্রুত অথবা বিলম্বে রিজিক দান করেন।’ [জামিউত তিরমিজি : ২৩২৬]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন,
وَلاَ فَتَحَ عَبْدٌ بَابَ مَسْأَلَةٍ إِلاَّ فَتَحَ اللَّهُ عَلَيْهِ بَابَ فَقْرٍ
‘কোনো বান্দা যদি ভিক্ষার দরজা খোলে, আল্লাহও অবশ্যই তার জন্য অভাবের দরজা খুলে দেন।’
ইসলামের দৃষ্টিতে যদি কোনো ব্যক্তির অত্যাবশ্যকীয় আয়ের সকল উপায় হারিয়ে ফেলে, তবে বায়তুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকারি উদ্যোগে উক্ত ব্যক্তির পুনর্বাসনের ব্যবস্থা করা আবশ্যক। যদি তা সম্ভব না হয়, তবে সমাজের বিত্তবান লোকদের দায়িত্ব হচ্ছে উক্ত ব্যক্তির জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেওয়া। তারপরও ভিক্ষা নয়। শরিয়তে ভিক্ষাবৃত্তিকে জায়েজ করা হয়েছে নিঃস্ব, গরিব, মিসকিন, অসহায়দের কল্যাণার্থে। ভিক্ষা দেওয়ার আগে চিন্তা করে নেওয়া উচিত-লোকটি ভিক্ষা নেওয়ার উপযোগী কি না। সেরকম হলে তাকে ভিক্ষা দেওয়া যেতে পারে। এ ছাড়া কাজ করার মতো শক্তি-সামর্থ্য আছে, এমন লোককে আপনি পথ দেখিয়ে দিতে পারেন; যেন তাকে আর ভিক্ষা করতে না হয়। অন্যথায় এটি কেবলই ভিক্ষাবৃত্তির পরিমাণকে বাড়িয়ে তুলবে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে স্পষ্টভাবে বলেছেন।
এ সম্পর্কে সহিহ মুসলিম গ্রন্থে উল্লেখ আছে-আবু বিশর কাবিসা বলেন, ‘একদা আমি ঋণ পরিশোধে অপারগ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে এ ব্যাপারে কিছু সাহায্য চাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “অপেক্ষা করো।” অতঃপর তিনি আমাকে বললেন, “হে কাবিসা! তিন ধরনের লোক ছাড়া আর কারও জন্য (অন্যের নিকট) হাত পাতা তথা ভিক্ষা করা বৈধ নয়। এরা হলো-(১) যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়েছে, সে ঋণ পরিশোধ করা পর্যন্ত চাইতে পারে। কিন্তু তারপর তাকে ভিক্ষাবৃত্তি থেকে বিরত থাকতে হবে, (২) যে ব্যক্তি কোনো কারণে দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে, সে-ও তার প্রয়োজন মেটানোর উপযোগী সম্পদ চাইতে পারে, (৩) যে ব্যক্তি দুর্ভিক্ষ কিংবা অভাব-অনটনের খপ্পরে পড়েছে। এ ব্যাপারে তার বংশের অন্তত তিনজন বিশ্বস্ত ব্যক্তি সাক্ষ্যদান করেছে যে, অমুকের ওপর অভাব-অনটন চেপে বসেছে। এরূপ ব্যক্তির পক্ষেও প্রয়োজন মেটানো পরিমাণ সম্পদ প্রার্থনা করা বৈধ। হে কাবিসা! শুনে রাখো-এই তিন ধরনের লোক ছাড়া আর কারও পক্ষে অন্যের নিকট হাত পাতা হারাম। যারা এভাবে হাত পাতে, আসলে তারা হারাম খায়।”
যে ব্যক্তি নিজের অভাব-অনটনের কথা অন্যের নিকট প্রকাশ করে হাত পেতে ভিক্ষা করে বেড়ায়, আসলে তার অভাব-অনটন কমে না; বরং আরও বৃদ্ধি পায়। ভিক্ষাবৃত্তির পরিণতির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি (অভাবের তাড়না ছাড়াই) নিজের সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছে সম্পদ ভিক্ষা করে বেড়ায়, বস্তুত সে যেন আগুনের ফুলকি ভিক্ষা করছে! কাজেই এখন তার ভেবে দেখা উচিত-সে বেশি নেবে না কম নেবে।”’ [সহিহ মুসলিম : ২২৮৯]
এ ছাড়া এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ‘যে ব্যক্তি সব সময় মানুষের কাছে চেয়ে থাকে; সে কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে, তার চেহারায় কোনো গোশত থাকবে না।’ [সহিহ বুখারি : ১৪৭৪; রিয়াদুস সালেহিন]
ইসলামী শরিয়তে ভিক্ষাবৃত্তিকে জায়েজ করা হয়েছে কেবল নিঃস্ব, গরিব, মিসকিন, অসহায়দের কল্যাণার্থে। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে; যারা শারীরিকভাবে সক্ষম ও শক্তি-সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষাবৃত্তিকে নিজেদের জীবন নির্বাহের প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছে, যা একেবারেই লাঞ্ছনাকর। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত-রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কষ্ট করে পিঠে বোঝা বহন করে জীবনযাপন করা ভিক্ষাবৃত্তি থেকে অনেক উত্তম।’ [সহিহ বুখারি : ১৪৭১]
মিকদাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত-রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ، خَيْرًا مِّنْ أَنْ يَّأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ، كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ
‘তোমাদের কারও নিজের হাতের উপার্জিত খাবারের চেয়ে উত্তম খাবার আর কিছুই হতে পারে না। মনে রাখবে-আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজের হাতে উপার্জিত খাবার নিজে খেতেন।’ [সহিহ বুখারি : ২০৭২]
যে ব্যক্তি নিজের অভাব-অনটনের কথা অন্যের নিকট প্রকাশ না করে মহান আল্লাহর নিকট নিজের অক্ষমতার কথা স্বীকার করে নেয়, মহান আল্লাহ তার অভাব-অনটন দূর করে দেন এবং তাকে পূর্ণ সক্ষমতা দান করেন। ভিক্ষাবৃত্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আমাকে নিশ্চয়তা দেবে যে, সে অন্যের কাছে কিছু চাইবে না; তাহলে আমি তার জান্নাতের জিম্মাদার হব।’ [আবু দাউদ : ১৬৪৩]
নির্বাচিত হাদিস থেকে শিক্ষা
বর্তমান বিশ্বে দেখা যায় মানুষে মানুষে ভেদাভেদের বিশাল পাহাড়। দুর্বলের ওপর সবলের নির্যাতন-নিপীড়নে অতিষ্ঠ মানুষের জীবন। অসহায়-বঞ্চিতের আর্তনাদে কেঁপে উঠছে পৃথিবী। আধুনিক জাহেলিয়াতের সব ব্যবধান ঘুচিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শেই প্রতিষ্ঠিত হতে পারে বৈষম্যহীন শান্তিপূর্ণ সমাজ। নির্বাচিত এ হাদিসটি একজন মুমিনের অর্থনৈতিক জীবন, পারিবারিক দায়িত্ব এবং সামাজিক কর্তব্য সম্পর্কে এক সমন্বিত দিকনির্দেশনা প্রদান করে। এতে শুধু ব্যক্তিগত আখলাক নয়; বরং সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো গঠনের মৌলিক নীতিমালাও নিহিত রয়েছে। এই হাদিসটির আলোকে প্রাপ্ত শিক্ষাগুলো সুবিন্যস্তভাবে তুলে ধরা হলো-
১. হালাল উপার্জন, পারিবারিক দায়িত্ব ও দানশীলতা একটি পূর্ণাঙ্গ ইসলামী জীবনব্যবস্থা :
এ হাদিস আমাদের শেখায়-একজন পরিপূর্ণ মুসলিম তিনটি দায়িত্ব একত্রে পালন করেন; ক) হালাল রুজি উপার্জন, খ) পরিবারকে অগ্রাধিকার প্রদান এবং গ) সমাজের দুর্বলদের পাশে দাঁড়ানো। উল্লেখ্য, দাতা হওয়া মর্যাদার বিষয়, পরিবারকে রক্ষা করা ফরজ, আর সমাজের প্রতি সদাচরণ ঈমানের দাবি।
২. ইসলামী অর্থনীতির মূলনীতি হলো ভারসাম্যপূর্ণ সম্পদ বণ্টন :
এ হাদিস কেবল একটি নৈতিক উপদেশ নয়, বরং ইসলামী অর্থনীতির একটি মৌলিক দর্শন। এতে ব্যক্তিগত আয়, পারিবারিক চাহিদা ও সামাজিক দায়বদ্ধতার মাঝে ভারসাম্য বজায় রাখার নির্দেশনা রয়েছে। এভাবে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র; সব স্তরেই এক সুবিন্যস্ত অর্থনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।
৩. প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমিয়ে না রেখে দান করাই শ্রেয় :
হাদিসটি আমাদেরকে একটি সুস্পষ্ট অর্থনৈতিক নীতি শিক্ষা দেয়-প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমিয়ে না রেখে তা আর্তমানবতার কল্যাণে ব্যয় করতে হবে। এভাবে দান ও সাদাকার মাধ্যমে সমাজে সম্পদের ভারসাম্য রক্ষা হয় এবং ধনী-দরিদ্রের ব্যবধান হ্রাস পায়।
৪. স্বনির্ভরতা ঈমানদারের বৈশিষ্ট্য :
ইসলাম একজন মুসলমানকে অলসতা, ভিক্ষাবৃত্তি কিংবা অপরের দয়ায় জীবনযাপন থেকে নিরুৎসাহিত করে। একজন মুমিন হবেন আত্মনির্ভরশীল, হালাল উপার্জনে ব্যস্ত এবং পরিবারের দায়িত্বে সচেতন। এই শিক্ষা ব্যক্তি ও সমাজে অর্থনৈতিক স্থিতিশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক।
৫. অর্থনৈতিক শক্তিই নেতৃত্বের নিয়ামক :
‘ওপরের হাত’ তথা দানকারী মর্যাদাসম্পন্ন, কেননা তা তার অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ। ইসলাম সেই ব্যক্তিকে উৎসাহিত করে, যিনি নিজের প্রয়োজন পূরণ করে অপরকে সাহায্য করতে পারেন। এই দৃষ্টিভঙ্গি সমাজে ন্যায়ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলে।
৬. পরিবার অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রবিন্দু :
হাদিসে বলা হয়েছে-‘ভরণপোষণে তোমার দায়িত্বে যারা আছে, তাদের দিয়ে দান শুরু করো।’ এর মাধ্যমে বোঝা যায়-ইসলামী অর্থনীতির সূচনা হয় পরিবার থেকে। পরিবারের নিরাপত্তাই সমাজের ভিত্তি। হালাল উপার্জন ও পরিবারে ব্যয় করা শুধুই দুনিয়াবি কাজ নয়; বরং একধরনের ইবাদত।
৭. পরনির্ভরতা নয়, আত্মসম্মান ও পরিশ্রম; এটাই ইসলামী মানসিকতা
যদিও শরিয়তে নিরুপায় ব্যক্তির জন্য সাহায্য গ্রহণ বৈধ, তথাপি সাধারণভাবে গ্রহণকারী হওয়ার চেয়ে দানকারী হওয়াকে শ্রেষ্ঠ বলা হয়েছে। ইসলাম চায়-একজন মুসলিম আত্মমর্যাদাসম্পন্ন হোক, পরিশ্রমী হোক এবং হালাল পথে উপার্জন করুক। পরনির্ভরতা, অলসতা ও ভিক্ষাবৃত্তি ইসলাম কখনো উৎসাহিত করে না।
লেখক : প্রফেসর, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়